নড়াইলে গরু-ছাগল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুস্থদের মাঝে গরু, ছাগল, ইজিভ্যান, সেলাই মেশিন, ঢেউটিন ও মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২০ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার মরিচপাশা এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন। আরোও ছিলেন মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মোল্যা মোশাররফ হোসেন কামরুল, বাবলু মিয়া, আতাউর রহমান অঝর, মোল্যা ইমদাদুল ইসলাম, দেলোয়ার হোসেন সাঈদী, নাঈমুল ইসলাম ইমন, আলিমুজ্জামান প্রমূখ।
উপকারভোগীদের মাঝে ১৩টি ছাগল, একটি গরু, দু’টি ঘর নির্মাণের জন্য ঢেউটিন, দু’টি সেলাই মেশিন, একটি ইজিভ্যান এবং একজন মেধাবীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ২০২০ সাল থেকে মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ ধরণের কার্যক্রম করে আসছে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































